• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ এএম


ছেলেদের পেছনে ফেলে এসএসসিতে পাসের হার ও জিপিএ-৫ দুটিতেই এগিয়ে মেয়েরা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ আগস্ট ২০২৬ ৩:৩৫ পিএম

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ১১টি শিক্ষা বোর্ডের কোনো বোর্ডেই পাসের হার কিংবা জিপিএ-৫—কোনো সূচকেই ছেলেরা মেয়েদের ছাড়িয়ে যেতে পারেনি।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে ছাত্রী ৬৩ হাজার ৮৯৬ জন এবং ছাত্র ৫২ হাজার ৭৮০ জন। অর্থাৎ জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রেও ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি।

গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যেও মেয়েদের সংখ্যা বেশি ছিল। ২০২৫ সালে মোট জিপিএ-৫ পাওয়া ছাত্রীর সংখ্যা ছিল ৭৩ হাজার ৬১৬ জন। বিপরীতে জিপিএ-৫ পেয়েছিল ৬৫ হাজার ৪১৬ জন ছাত্র।

চলতি বছর ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ। অন্যদিকে ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৮৬ শতাংশ। ফলে পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েরা ৮ দশমিক ৮২ শতাংশ এগিয়ে রয়েছে।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণেও একই চিত্র দেখা গেছে। এসব বোর্ডে ছাত্রীদের পাসের হার ৬৭ দশমিক ৯১ শতাংশ। বিপরীতে ছাত্রদের পাসের হার ৫৯ দশমিক ৭৩ শতাংশ।

মাদ্রাসা শিক্ষা বোর্ডেও পাসের হারে মেয়েদের এগিয়ে থাকার চিত্র পাওয়া গেছে। এ বোর্ডে ছাত্রীদের পাসের হার ৫৯ দশমিক ৮৯ শতাংশ। আর ছাত্রদের পাসের হার ৫১ দশমিক ৬৪ শতাংশ।

কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলেও ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। এ বোর্ডে ছাত্রীদের পাসের হার ৬৭ দশমিক ৮৪ শতাংশ। অন্যদিকে ছাত্রদের পাসের হার ৫১ দশমিক ১৪ শতাংশ।

ফলে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার এবং জিপিএ-৫—দুই ক্ষেত্রেই ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।

/এসএন