জামালপুরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ, অপারেশনের সময় খাদ্যনালী কেটে যাওয়ায় জেরিন (২৫) নামে ওই তরুণীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে জবাব চাইতে হাসপাতালে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। একই ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (৩০ জুলাই) দুপুরে শহরের সরদারপাড়া এলাকার এম এ রশীদ হাসপাতালে এ ঘটনা ঘটে।
নিহত জেরিনের স্বামী দেলোয়ার হোসেন জানান, গত ৯ জুলাই পেটে সিস্টজনিত ব্যথা নিয়ে তার স্ত্রী এম এ রশীদ হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসকদের পরামর্শে ডা. হারুন অর রশিদের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার করা হয়।
দেলোয়ারের অভিযোগ, অস্ত্রোপচারের প্রথম দিন জেরিনের শারীরিক অবস্থা স্বাভাবিক থাকলেও পরদিন থেকেই তার পেট ফুলে যায় এবং অবস্থার দ্রুত অবনতি ঘটে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার কথা বললেও হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সাত দিন সেখানে রেখে দেয়। পরে ১৬ জুলাই তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়।
তার দাবি, ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের সময় জেরিনের খাদ্যনালী কেটে যাওয়ায় খাবার পেটে ছড়িয়ে মারাত্মক সংক্রমণ সৃষ্টি হয়। সেখানে পুনরায় অস্ত্রোপচার করা হলেও অবস্থার উন্নতি হয়নি। চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ জুলাই তার মৃত্যু হয়।
দেলোয়ার আরও অভিযোগ করেন, ইউনাইটেড হাসপাতাল এবং এম এ রশীদ হাসপাতাল একই মালিকানাধীন হওয়ায় তাকে ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
স্বজনদের অভিযোগ, এ ঘটনার জবাব চাইতে বৃহস্পতিবার হাসপাতালে গেলে হাসপাতালের কয়েকজন কর্মী তাদের মারধর করেন। এ সময় ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদেরও বাধা দেওয়া হয় এবং তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে।
হামলার শিকার একুশে টেলিভিশনের সাংবাদিক খন্দকার রাজু আহমেদ ফুয়াদ বলেন, রোগীর স্বজনদের বক্তব্য নেওয়ার সময় হাসপাতালের কয়েকজন কর্মী তাদের ওপর চড়াও হন। পরে সাংবাদিকরা ঘটনার বিষয়ে জানতে চাইলে তাদের সঙ্গেও অসদাচরণ করা হয় এবং হামলা চালানো হয়।
এ বিষয়ে এম এ রশীদ হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে প্রথমে কথা বলার আশ্বাস দেওয়া হলেও দীর্ঘ সময় অপেক্ষার পরও তারা কোনো বক্তব্য দেয়নি।
/এএসএফ