কক্সবাজারের উখিয়ার ইনানী মেরিন ড্রাইভ এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ ইয়াবাসহ মো. হাফেজ উল্লাহ নামে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। তিনি টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ফুফাতো বোনের জামাই বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ কোস্টগার্ড চট্টগ্রাম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক হাফেজ উল্লাহ টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া এলাকার মৃত তমিম গোলালের ছেলে।
কোস্টগার্ড জানায়, শুক্রবার (২৪ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন ইনানীর একটি বিশেষ দল ইনানী মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালায়। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন যাত্রী হাফেজ উল্লাহর কোমরে মোড়ানো অবস্থায় ৪ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধার হওয়া ইয়াবা এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে কোস্টগার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, এর আগেও ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি মাদক পাচারের অভিযোগে হাফেজ উল্লাহকে আটক করা হয়েছিল। সে সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি বাসের সাইডবক্সে থাকা ট্রলি ব্যাগ থেকে ৫ হাজার ১৮৫টি ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ১৬ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন স্থানে মাদক কারবারি ও মাদকসেবীদের কাছে বিক্রি করার কথা স্বীকার করেছিলেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যসূত্রে জানা যায়।
এ বিষয়ে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর বলেন, হাফেজ উল্লাহ ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তবে পুরোনো কমিটি বিলুপ্ত হওয়ার পর থেকে তিনি দলের কোনো কমিটিতে ছিলেন না এবং বর্তমানে উপজেলা আওয়ামী লীগের কোনো পদেও দায়িত্বে নেই।
/এএসএফ