• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৪ এএম


মা/দ/কের টাকার জন্য বৃদ্ধা মাকে পি/টাল ছাত্রলীগ নেতা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ জুলাই ২০২৬ ৭:১৪ পিএম

নোয়াখালীর সুবর্ণচরে মাদকের টাকার জন্য ৬৮ বছর বয়সী মাকে মারধর, বসতঘরে ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন জাবেদকে আটক করেছে পুলিশ।শনিবার ভোরে উপজেলার হারিছ চৌধুরীর বাজারসংলগ্ন পঞ্চায়েত বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আবদুল্লাহ আল মামুন জাবেদ চরজুবিলী ইউনিয়নের বাসিন্দা। তিনি সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।জেলা পুলিশ সুপারের কাছে দেওয়া লিখিত অভিযোগে জাবেদের মা ছালেয়া খাতুন অভিযোগ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা না পেলেই তিনি নিয়মিত তাকে মারধর করতেন এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন। সর্বশেষ গত ২২ জুলাই রাতেও একই ধরনের ঘটনা ঘটে।

এ সময় বাধা দিতে গেলে পরিবারের অন্য সদস্যদেরও ভয়ভীতি দেখানো হয়।অভিযোগে আরও উল্লেখ করা হয়, জাবেদ কয়েকজন সহযোগীকে নিয়ে দীর্ঘদিন ধরে বাড়িকে কেন্দ্র করে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এসব কর্মকাণ্ডে বাধা দিলে পরিবারের সদস্যদের মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হতো।

এছাড়া গত ২৭ মে তাদের বসতবাড়িতে হামলা চালিয়ে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়।চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল হাসান বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতেই আবদুল্লাহ আল মামুন জাবেদকে আটক করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

/বিএসএস