কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হাওরে পানিতে ডুবে যাওয়া মেয়েকে উদ্ধার করতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক বাবা। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার হাসানপুর ব্রিজ এলাকায় হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।নিহত মো. বাছির উদ্দিন মিলন (৪২) কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল পেট্রোল পাম্প এলাকার বাসিন্দা মো. আবু বাক্কার মাস্টারের ছেলে। পেশায় তিনি একজন ফিজিওথেরাপিস্ট ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের নিয়ে হাওরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে মিঠামইনে গিয়েছিলেন মিলন। পরে হাসানপুর ব্রিজসংলগ্ন এলাকায় নৌকা থেকে নেমে পরিবারের সবাই গোসল করছিলেন।
এ সময় তার মেজো মেয়ে শেমন্ত্রী আক্তার হঠাৎ পা পিছলে গভীর পানিতে পড়ে যায়।মেয়েকে ডুবে যেতে দেখে এক মুহূর্ত দেরি না করে পানিতে ঝাঁপ দেন মিলন। জীবনের ঝুঁকি নিয়ে তিনি মেয়েকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিতে সক্ষম হন। তবে মেয়েকে বাঁচানোর পর তীব্র স্রোতের সঙ্গে লড়াই করতে না পেরে তিনি নিজেই পানিতে তলিয়ে যান।ঘটনার পর স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করেন।করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান জানান, মেয়েকে উদ্ধারের সময় পানিতে তলিয়ে বাছির উদ্দিন মিলনের মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
/বিএসএস