দিনাজপুরের বিরামপুর উপজেলার খিয়ারমামুদপুর সীমান্ত দিয়ে ৯ নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)—এমন অভিযোগ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবি ও স্থানীয়দের সহযোগিতায় ওই চেষ্টা প্রতিহত করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে খিয়ারমামুদপুর সীমান্তের ২৯১/২০ এস সীমান্ত পিলারের পাশের এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের গুজরাটের আমেনাবাদ এলাকা থেকে আনা ৯ নারীকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা স্থানীয় গ্রামবাসীর সহায়তায় তাদের ধাওয়া করলে তারা আবার ভারতীয় সীমান্তের দিকে ফিরে যায়।
বর্তমানে ওই ৯ নারী ভারতের অভ্যন্তরে শ্রীরামপুর এলাকার একটি বাঁশঝাড়ের নিচে, সীমান্তের শূন্যরেখার কাছাকাছি অবস্থান করছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
স্থানীয় ভাইগড় বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার পিয়া আলম বলেন, ভোরে ৯ জনকে খিয়ারমামুদপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। বিজিবি ও স্থানীয় জনগণ বিষয়টি বুঝতে পেরে তা প্রতিহত করে। বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
/এএসএফ