• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১১:০৩ এএম


ভোলায় হাঁস চোরকে শাস্তি হিসেবে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ছেড়ে দিলেন স্থানীয়রা!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ জুলাই ২০২৬ ৫:১৮ পিএম

ভোলার লালমোহন উপজেলায় দুটি রাজহাঁস চুরির অভিযোগে এক যুবককে স্থানীয়রা ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কিশোরগঞ্জ গ্রামের পশ্চিম কিশোরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মো. নাজিম (২৫) লালমোহন পৌরসভার নয়ানী গ্রামের বুলু হাওলাদার বাড়ির বাসিন্দা।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কয়েকদিন ধরে এলাকায় হাঁস-মুরগি ও বিভিন্ন মূল্যবান জিনিস চুরির ঘটনা বেড়ে যায়। বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ গ্রামের বাসিন্দা মো. এমরান হোসেন রাকিবের দুটি রাজহাঁস নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা নাজিমকে সন্দেহজনক অবস্থায় আটক করেন। পরে হাঁস দুটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের দাবি, আটক হওয়ার পর নাজিম ভবিষ্যতে এমন কাজ আর করবেন না বলে সবার সামনে অঙ্গীকার করেন। এরপর তাকে মারধর না করে ১০০ রাকাত নফল নামাজ আদায় করতে বলা হয় এবং তওবা করিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

রাজহাঁসের মালিক এমরান হোসেন রাকিব বলেন, হাঁস দুটি তাদের পরিবারের খুবই শখের ছিল। স্থানীয়দের সহযোগিতায় হাঁস দুটি উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি জানান, অভিযুক্তকে শারীরিকভাবে নির্যাতন না করে নামাজ পড়ানোর পর ছেড়ে দেওয়া হয়েছে।

ফরাজগঞ্জ ৪ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ (চৌকিদার) আবু তাহেরও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয়দের অভিযোগ অনুযায়ী ওই যুবকের বিরুদ্ধে আগেও চুরির অভিযোগ ছিল।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, ঘটনাটি থানায় আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, রাতে অপরাধ প্রতিরোধে পুলিশের নিয়মিত টহল অব্যাহত রয়েছে।

/এএসএফ