• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৬:০৯ পিএম


কিশোরগঞ্জে দুর্ঘটনায় নিহত শিশুর মরদেহ উদ্ধার করতে গিয়ে পুলিশ সদস্য দেখলেন, সে তারই ছেলে!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ জুলাই ২০২৬ ৩:৩৩ পিএম

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় তুহিন (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করতে গিয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার কনস্টেবল সামসুল জানতে পারেন, নিহত শিশুটি তার নিজের ছেলে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টা ২০ মিনিটের দিকে শহরের গাইটাল আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুহিন ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা কনস্টেবল সামসুল কিশোরগঞ্জ সদর মডেল থানায় কর্মরত। তাদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তা পারাপারের সময় সিমেন্টবোঝাই একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তুহিনের মৃত্যু হয়। দুর্ঘটনার সংবাদ পেয়ে দায়িত্বের অংশ হিসেবে ঘটনাস্থলে যান কনস্টেবল সামসুল। সেখানে পৌঁছানোর আগে তিনি জানতেন না যে, উদ্ধার করতে যাওয়া শিশুটিই তার নিজের ছেলে।

মরদেহ দেখে তিনি শোকে ভেঙে পড়েন। সহকর্মী পুলিশ সদস্য ও স্থানীয়রা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। ঘটনাস্থলের হৃদয়বিদারক দৃশ্য উপস্থিত অনেককেই আবেগাপ্লুত করে তোলে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, সামসুল থানার একজন দায়িত্বশীল সদস্য। দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে সেখানে গিয়ে জানতে পারেন, নিহত শিশুটি তারই ছেলে। ঘটনাটি সবার জন্য অত্যন্ত বেদনাদায়ক।

তিনি আরও জানান, মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাকে আটক করতে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

/এএসএফ