• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩১ এএম


টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ জুলাই ২০২৬ ৩:০২ পিএম

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৃতীয় তলা থেকে পড়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থী মনিরুজ্জামানের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন আরিফনগর এলাকার একটি ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনিরুজ্জামান বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি দিনাজপুর জেলার বিরল উপজেলার মির্জাপুর গ্রামের শওকত আলীর ছেলে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাতে নিজ ভাড়া বাসার বারান্দায় অবস্থান করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন মনিরুজ্জামান। এতে তিনি তৃতীয় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, আইসিটি বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মনিরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। তিনি বলেন, এই অপূরণীয় ক্ষতি বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক।

/এএসএফ