কুষ্টিয়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৮ জনকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করেছে বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির টহলদলের তাৎক্ষণিক তৎপরতায় ওই প্রচেষ্টা ব্যর্থ হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে ফিরে যান।
শুক্রবার (২৪ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবির ভাষ্য অনুযায়ী, প্রতিপক্ষ ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা ৮ জন অজ্ঞাত ব্যক্তিকে—যাদের মধ্যে ২ জন পুরুষ, ৪ জন নারী এবং ২ জন ট্রান্সজেন্ডার ছিলেন—নদীপথে সাঁতরে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন।
বিজিবি জানায়, সীমান্তে টহলরত সদস্যরা বিষয়টি দ্রুত শনাক্ত করে এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে বিজিবির কঠোর অবস্থানের মুখে ওই ব্যক্তিরা নদীপথেই ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন। ফলে কথিত পুশইনের প্রচেষ্টা প্রতিহত করা সম্ভব হয়।
বিজিবি আরও জানায়, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে বাহিনী সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
সূত্র: বিজিবি
/এএসএফ