ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজ হওয়ার প্রায় ৩৩ ঘণ্টা পর কংস নদ থেকে আছির উদ্দিন (৮৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ৭টার দিকে ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের ইজারাপাড়া এলাকায় কংস নদে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্বজনরা।
নিহত আছির উদ্দিন ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের বড়ইকান্দি গ্রামের বাসিন্দা।
তার ছেলে আবুল কাশেম জানান, বুধবার (২২ জুলাই) রাত ৯টার দিকে রাতের খাবার শেষে হাঁটতে বের হন আছির উদ্দিন। একপর্যায়ে তিনি কংস নদে গিয়ে তীব্র স্রোতে ভেসে নিখোঁজ হন বলে পরিবারের ধারণা।
নিখোঁজের পর থেকেই স্বজন ও স্থানীয়রা জেলেদের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালান। বৃহস্পতিবার (২৩ জুলাই) দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দলও কংস নদে তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। দীর্ঘ সময় অভিযান শেষে সন্ধ্যায় উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়।
তবে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি চালিয়ে যান। বৃহস্পতিবার রাতেও তারা নৌকা নিয়ে নদীতে টহল দেন। অবশেষে শুক্রবার সকালে ইজারাপাড়া এলাকায় নদীতে ভাসমান অবস্থায় আছির উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়।
পরে নৌকাযোগে মরদেহটি তার নিজ গ্রাম বড়ইকান্দিতে নিয়ে যাওয়া হয়।
/এএসএফ