• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১২:২৬ এএম


এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে কৃষি ব্যাংক, দিল এক লাখ টাকা ও এক মাসের ছুটি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ জুলাই ২০২৬ ৯:৫৬ পিএম

বাবার দাফন সম্পন্ন করে রাতেই বাগেরহাটের কৃষি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালন এবং পরদিন সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ইসমাইল ইকনের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। প্রতিষ্ঠানটি তাকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি বেতনসহ এক মাসের ছুটিও মঞ্জুর করেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্দেশনায় খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আবু হাশেম মিয়া ইকনের হাতে এক লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেন।

সহায়তা পেয়ে ইকন ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশ কৃষি ব্যাংক, গণমাধ্যম এবং তাদের পাশে দাঁড়ানো দেশ-বিদেশের সব শুভানুধ্যায়ীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (২২ জুলাই) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া। বাগেরহাট শহরের মুনিগঞ্জ এলাকার বাসিন্দা ইকন তার মা ও মানসিক ভারসাম্যহীন এক ভাইকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন।

বাবার মৃত্যুর দিন বিকেলে দাফন সম্পন্ন করার পরও রাতে তিনি বাগেরহাট শহরের কৃষি ব্যাংকের এটিএম বুথে নিজের দায়িত্ব পালন করেন। এরপর পরদিন সকালে সরকারি পিসি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

ইকনের এই সংগ্রামী জীবনের গল্প গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর দেশ-বিদেশের অসংখ্য হৃদয়বান মানুষ তার শিক্ষা এবং পরিবারের পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেন।

জানা গেছে, চলতি বছরের মে মাস থেকে ইসমাইল ইকন কৃষি ব্যাংকের এটিএম বুথে চাকরি করছেন। এর আগে নিজের পড়াশোনার খরচ চালাতে তিনি এলাকায় টিউশনি করতেন।

/এসএন