বাগেরহাটের অদম্য এইচএসসি পরীক্ষার্থী ইকনের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম ড. এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) জানিয়েছেন, চলমান এইচএসসি পরীক্ষা চলাকালে আর্থিক সংকটের কারণে ইকনকে যেন চাকরি করতে না হয়, সে জন্য দ্রুত আর্থিক সহায়তা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষা শেষ হওয়ার পর তার উচ্চশিক্ষাসহ ভবিষ্যৎ পড়াশোনার সব ধরনের দায়িত্ব ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী।
এর আগে মঙ্গলবার সকালে ইকনের বাবা ইসরাফিল দাড়িয়ার আকস্মিক মৃত্যুর খবর গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি দেশজুড়ে আলোচনার সৃষ্টি করে। মোটরসাইকেল চালিয়ে চার সদস্যের সংসার চালানো ইসরাফিলের মৃত্যুর পর পরিবারটি চরম সংকটে পড়ে।
পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে মানসিকভাবে ভারসাম্যহীন ভাই ও মাকে সঙ্গে নিয়ে চার হাজার টাকা ভাড়ার বাসায় বসবাসকারী ইকন বাবার দাফন সম্পন্ন করে রাতেই এটিএম বুথে ডিউটি করেন। পরদিন সকালে তিনি এইচএসসি পরীক্ষায় অংশ নেন। বিষয়টি সরকারের নজরে এলে শিক্ষামন্ত্রী তার পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।
/এএসএফ