• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৩:৪৩ এএম


২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে জৈব সারে মিলল পলিথিন ও ময়লা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ জুন ২০২৬ ১০:৩৫ পিএম

সরকার ঘোষিত পাঁচ বছরের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় গাছের চারা ও জৈব সার বিতরণকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষকদের অভিযোগ, জৈব সারের পরিবর্তে পলিথিন মেশানো মাটি এবং ময়লা-আবর্জনা বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে গাছের চারা ও জৈব সার বিতরণ কার্যক্রম চলাকালে কৃষকরা এ অভিযোগ করেন।

কৃষকদের ভাষ্য অনুযায়ী, জৈব সার দেওয়ার কথা থাকলেও বস্তার ভেতরে পলিথিন, ময়লা ও আবর্জনা মেশানো মাটি পাওয়া যায়। বিষয়টি বুঝতে পেরে অনেক কৃষক জৈব সার না নিয়ে শুধুমাত্র গাছের চারা ও বাঁশের খুঁটি সংগ্রহ করেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২০০ জন কৃষক এবং ১০০টি প্রতিষ্ঠানের মধ্যে গাছের চারা বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচির অংশ হিসেবে ৫০০টি আমের চারা, ২০০টি জলপাইয়ের চারা এবং নিম, ঘোড়া নিম ও মেহগনি গাছের মোট ৮০০টি চারা বিতরণের উদ্বোধন করা হয় বুধবার। এসব চারা বিতরণ কার্যক্রম বৃহস্পতিবারও চলবে।

এ ছাড়া একই অর্থবছরে লেবুর আবাদ সম্প্রসারণের লক্ষ্যে ৩০ জন কৃষকের মধ্যে ১৫০টি লেবুর চারা বিতরণ করা হবে। ফলজ ও কাঠজাতীয় বৃক্ষের চারার পাশাপাশি প্রতিটি গাছের জন্য কৃষকদের ৩০ কেজি করে জৈব সার দেওয়ার কথা রয়েছে।

বুধবার বিকেলে চারা বিতরণের সময় জৈব সারের বস্তায় পলিথিন ও ময়লা দেখতে পেয়ে উপস্থিত কৃষকরা ক্ষোভ প্রকাশ করেন।

উপজেলার বাড়াকান্দি গ্রামের কৃষক আলতাফ হোসেনসহ কয়েকজন কৃষক জানান, জৈব সার দেওয়ার নামে পলিথিন, ময়লা ও আবর্জনা মেশানো মাটি দেওয়া হচ্ছিল। পরে বিষয়টি বুঝতে পেরে তারা এবং আরও অনেক কৃষক জৈব সার না নিয়ে শুধু গাছের চারা সংগ্রহ করেছেন।

অভিযোগের বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন বলেন, যেসব বস্তায় ভেজাল জৈব সার রয়েছে সেগুলো বাদ দিয়ে ভালো জৈব সার বেছে নিতে কৃষকদের বলা হয়েছে। তিনি আরও জানান, যেখান থেকে এসব সার সংগ্রহ করা হয়েছে সেখানে ভেজাল সার ফেরত পাঠানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. বিপাশা হোসাইন বলেন, প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে গাছের চারা বিতরণ করা হচ্ছে। জৈব সারের বিষয়ে অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট সরবরাহকারীর কাছে ওই সার ফেরত পাঠিয়ে নতুন করে মানসম্মত জৈব সার সংগ্রহ করে কৃষকদের মধ্যে পুনরায় বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

/এসএন