কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ে করা এক বাংলাদেশি নারীর বিরুদ্ধে অর্থ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র আত্মসাতের অভিযোগ তুলেছেন এক চীনা নাগরিক।
সোমবার (২২ জুন) রাতে অভিযোগ নিয়ে ফুলবাড়ী থানায় যান ওই চীনা নাগরিক। তবে ঘটনাটি ঢাকার সাভার এলাকায় ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যাওয়ায় তাকে সাভার থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছে পুলিশ।
অভিযোগকারী চীনা নাগরিকের নাম আন হংওয়েই। তার দাবি, তার স্ত্রী মোর্শেদা খাতুন প্রতারণার মাধ্যমে চার হাজার মার্কিন ডলার, যার মূল্য কয়েক লাখ টাকা, এবং তার গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র নিয়ে নিখোঁজ হয়েছেন।
জানা গেছে, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা মোর্শেদা খাতুন ঢাকার একটি গার্মেন্টস কারখানায় চাকরি করার সময় আন হংওয়েইর সঙ্গে পরিচিত হন। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
পরবর্তীতে গত ২০ এপ্রিল পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর মোর্শেদা তার চীনা স্বামীকে নিয়ে গ্রামের বাড়িতে আসেন। সে সময় বিদেশি নাগরিককে দেখতে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দেয় এবং এলাকায় উৎসুক জনতার ভিড় জমে।
এদিকে, চীনা স্বামীর অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য মোর্শেদা খাতুনের বিভিন্ন মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান নাঈম বলেন, চীনা নাগরিক থানায় এসেছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, অভিযোগের ঘটনাটি ঢাকার সাভারে ঘটেছে। এ কারণে তাকে সাভার থানার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
/এসএন