• ঢাকা
  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৭ এএম


বিশ্বকাপ উন্মাদনার মাঝে নিজের পছন্দের দলের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৬ জুন ২০২৬ ৮:৩৯ পিএম

বিশ্বকাপ ফুটবল ঘিরে দেশজুড়ে চলছে ব্যাপক উন্মাদনা। চায়ের আড্ডা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দু এখন ফুটবল। এমন আবহে প্রধানমন্ত্রী তারেক রহমান কোন দলকে সমর্থন করেন, সেই প্রশ্নও কৌতূহল তৈরি করেছে অনেকের মধ্যে। সম্প্রতি এক মতবিনিময় সভায় তিনি নিজের পছন্দের দলের বিষয়ে সরাসরি নাম উল্লেখ না করলেও এমন একটি ইঙ্গিত দিয়েছেন, যা উপস্থিতদের কাছে তার সমর্থনের দিকটি স্পষ্ট করে দেয়।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সেই সঙ্গে বিশ্বকাপ ফুটবলও আলোচনায় উঠে আসে।

একপর্যায়ে জ্যেষ্ঠ সাংবাদিক সুমন মাহমুদ প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, “এখন বিশ্বকাপ চলছে। আপনি কোন দলের সমর্থক, আমরা সবাই জানতে চাই।”

প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী মৃদু হাসি দিয়ে সংক্ষিপ্তভাবে বলেন, “আমি একটা দেশে দীর্ঘদিন ছিলাম। এবার বুঝে নেন কোন দলের সমর্থক।”

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর তার ইঙ্গিতের অর্থ নিয়ে উপস্থিতদের মধ্যে আলোচনা শুরু হয়। বিষয়টি বুঝতে খুব বেশি পেছনে যাওয়ার প্রয়োজনও পড়ে না। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর কারামুক্ত হওয়ার পর তারেক রহমান সপরিবারে যুক্তরাজ্যে যান। এরপর দীর্ঘ সময় তিনি সেখানে অবস্থান করেন।

দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে প্রবাসজীবন কাটানোর পর তিনি ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফিরে আসেন। সেই প্রেক্ষাপট বিবেচনায় উপস্থিত অনেকেই ধারণা করেন, এবারের বিশ্বকাপে তার সমর্থন সম্ভবত ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড দলের প্রতিই রয়েছে।

যদিও প্রধানমন্ত্রী সরাসরি কোনো দলের নাম উচ্চারণ করেননি, তবে তার মন্তব্য থেকেই বিশ্বকাপে তার পছন্দের দল নিয়ে একটি স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে।

/এসএন