গণমাধ্যমকে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কোনো দলীয় অবস্থান বা সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে সত্য হিসেবেই উপস্থাপন করতে হবে।
সোমবার (১৫ জুন) সচিবালয়ে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বার্তা সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
বৈঠকে প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। তিনি মনে করেন, দায়িত্বশীল ও স্বাধীন গণমাধ্যম দেশের গণতান্ত্রিক পরিবেশকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আলোচনায় দেশের টেলিভিশন শিল্পের বর্তমান পরিস্থিতি, সাংবাদিকদের পেশাগত নানা চ্যালেঞ্জ, চাকরির নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ জানান, সমাজে মানবিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করার ক্ষেত্রেও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই লক্ষ্যকে সামনে রেখে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আগামী ১৮ জুন এ বিষয়ে অংশীজনদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট পক্ষগুলো যৌথভাবে একটি নীতিমালা বা নীতি কাঠামো প্রণয়ন করতে পারলে বিদ্যমান সমস্যাগুলোর কার্যকর সমাধান সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠক শেষে চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত আলোচনায় সাংবাদিকরা তাদের পেশাগত বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেছেন। একই সঙ্গে সরকারের কাছে নীতিগত সহায়তা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীন সাংবাদিকতার জন্য অনুকূল পরিবেশ তৈরিতে সহযোগিতা কামনা করা হয়েছে।
/এসএন