কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি কর্মসূচিতে যোগ দিতে এসে পুরো সফরজুড়ে নিজেই ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি।গতকাল (১৩ জুন) কক্সবাজার সফরে গিয়ে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন স্থান ঘুরে পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করেন।
এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।তিনি জানান, সকালে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকেই সফর শুরু করেন প্রধানমন্ত্রী। প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও তিনি নিজেই গাড়ি চালিয়ে পিএমখালী ইউনিয়নের পাতলী খাল খনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানস্থলে যান।আতিকুর রহমান রুমন বলেন, কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী আবারও স্টিয়ারিং হাতে নিয়ে ডুলাহাজারা সাফারি পার্কের উদ্দেশ্যে রওনা হন।
এভাবেই কক্সবাজারে দিনব্যাপী সব কর্মসূচিতে নিজেই গাড়ি চালিয়ে অংশ নেন তিনি।সফরকালে সড়কের দুই পাশে হাজার হাজার স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মী ভিড় করেন প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য। অনেকেই হাত নেড়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাসিমুখে তাদের শুভেচ্ছার জবাব দেন।প্রধানমন্ত্রীর গাড়ির সামনের আসনে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
পেছনের আসনে বসেছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী হাসিনা আহমদ।প্রধানমন্ত্রীর এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং নিজে গাড়ি চালিয়ে কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়টি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। কক্সবাজারের মনোরম পরিবেশে এ সফর কর্মব্যস্ততার পাশাপাশি জনসম্পৃক্ততারও একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে আলোচনায় এসেছে।
এর আগে লন্ডনে অবস্থানকালে তারেক রহমান তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালিয়েছিলেন। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরও বিভিন্ন সময়ে তাকে গাড়ি চালাতে দেখা গেছে। তবে এত দীর্ঘ পথ নিজে গাড়ি চালিয়ে সরকারি সফর সম্পন্ন করার ঘটনা এই প্রথম বলে জানা গেছে।
/বিএসএস