আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ডা. শেখ মহিউদ্দিন। তার পরিবর্তে ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ অধ্যাপক জামালুন্নেসার হাতে নির্বাহী পরিচালকের দায়িত্ব অর্পণ করেছে।
মঙ্গলবার (১৬ জুন) আদ-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নবনিযুক্ত নির্বাহী পরিচালক অধ্যাপক জামালুন্নেসা দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেছেন। সম্প্রতি তিনি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। পরে তিনি যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে শিশু মৃত্যুর যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তাতে দেশের মানুষের পাশাপাশি প্রতিষ্ঠান কর্তৃপক্ষও গভীরভাবে শোকাহত। প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ছাড়া হাসপাতালের তদারকি ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং বিদ্যমান প্রোটোকল পুনর্মূল্যায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়।
সরকারের দিকনির্দেশনা অনুসারে অবকাঠামো ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তন আনার বিষয়ে প্রতিষ্ঠানটি দৃঢ় অবস্থানের কথা জানিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম ইতোমধ্যে পুরোদমে শুরু হয়েছে।
আলো-বাতাস চলাচল এবং অক্সিজেনের উপস্থিতি আরও সহজতর করার লক্ষ্যে তিনজন স্বতন্ত্র পরামর্শকের নেতৃত্বে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জনের কাজ চলছে। একই সঙ্গে করপোরেট অফিসের ওপরের তলায় থাকা বেকারিটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
/এসএন