• ঢাকা
  • রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পিএম


কোটি কোটি টাকা নিয়েও আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ জুন ২০২৬ ১১:৩৮ পিএম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, কোটি কোটি টাকা নিয়ে তদবির করার চেষ্টা করা হলেও আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে নিজের তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পাইলটিং স্কিমের আওতায় রোগীদের ঘরে ঘরে গিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্যকর্মীরা বাড়িতে গিয়ে রোগীর অবস্থা মূল্যায়ন করবেন এবং প্রয়োজন মনে করলে তবেই তাকে হাসপাতালে নেওয়া হবে। এভাবে সারা দেশে চিকিৎসা ব্যবস্থাকে আরও সহজ ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

তিনি বলেন, বিগত সরকার দুর্নীতির মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। বর্তমান সরকার ব্যতিক্রমধর্মীভাবে দেশ পরিচালনা করছে এবং দলমত নির্বিশেষে সব মানুষের সেবা নিশ্চিত করতে চায়।

সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, সরকারি সুবিধা পেতে এখন আর কাউকে ঘুষ দিতে হয় না। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ রয়েছে, সবাইকে দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। তিনি বলেন, ‘আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু আমরা তাদের লাইসেন্স বাতিল করে দিয়েছি। অন্যদিকে জামায়াতের নেতারা আজ আদ-দ্বীনের পক্ষে কথা বলছে।’

তিনি আরও জানান, চীনের সহযোগিতায় দেশে ৩ হাজার শয্যার দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব হাসপাতালে শিশু ও নারীদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে।

অনুষ্ঠানে মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল হান্নানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়।