রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।
সোমবার (১৫ জুন) সুপ্রিম কোর্টে আইনজীবী অ্যাডভোকেট ইউনূছ আলী আকন্দ এ রিট আবেদন দাখিল করেন।
এর আগে গত ১১ জুন সরকার রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয়।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ বাতিলের আদেশের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবে।
উল্লেখ্য, গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু হয়। মৃত শিশুদের বয়স ছিল এক থেকে তিন দিনের মধ্যে।
নবজাতকদের নামকরণও তখনো সম্পন্ন হয়নি। ফলে তাদের পরিচয় মায়ের নামের ভিত্তিতে শনাক্ত করা হচ্ছিল।
এ ঘটনায় অবহেলার কারণে মৃত্যুর অভিযোগ এনে রমনা থানায় মামলা করেন মৃত এক নবজাতকের বাবা হাবিবুর রহমান।
ঘটনার পরপরই তদন্তের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় দ্রুত তিন সদস্যের একটি কমিটি গঠন করে। পরে ৩০ মে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, তদন্ত কমিটি ৩ জুন পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে।
এদিকে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, হাইকোর্টে দায়ের করা এই রিটের সঙ্গে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের কোনো সম্পর্ক নেই।
/এসএন