• ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৫৬ পিএম


জ্বালানি বিতরণে শৃঙ্খলা আনতে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

The Pulse BD news desk
আপডেট টাইম: ৯ এপ্রিল ২০২৬ ৭:৫৯ পিএম

দেশের জ্বালানি সরবরাহব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করতে কিউআর কোডভিত্তিক সেবা চালু করেছে সরকার। ‘ফুয়েল পাস’ নামে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে এ সেবা দেওয়া হবে।

প্রাথমিকভাবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) রাজধানীর দুটি ফিলিং স্টেশনে মোটরসাইকেলের জ্বালানি গ্রাহকদের জন্য পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু করেছে।

বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, পর্যায়ক্রমে সারা দেশে সব ধরনের যানবাহনের জন্য এই সেবা চালু করা হবে। বর্তমানে তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন এবং আসাদগেটের সোনার বাংলা ফিলিং স্টেশনে এর পরীক্ষামূলক ব্যবহার চলছে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, প্রচলিত ম্যানুয়াল পদ্ধতির কারণে জ্বালানি বিতরণে বিলম্ব ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। পর্যাপ্ত জ্বালানি থাকা সত্ত্বেও ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারি দেখা যাচ্ছে। একই ব্যক্তি একাধিকবার জ্বালানি সংগ্রহ করায় কৃত্রিম সংকটও তৈরি হচ্ছে।

নতুন এই ডিজিটাল ব্যবস্থায় কিউআর কোড স্ক্যানের মাধ্যমে গ্রাহক নির্ধারিত পরিমাণ জ্বালানি নিতে পারবেন। ফিলিং স্টেশন মালিকেরা ডিজিটাল এন্ট্রি দেওয়ার পরই জ্বালানি সরবরাহ করা যাবে। এ অ্যাপের সঙ্গে Bangladesh Road Transport Authority (বিআরটিএ)-এর কেন্দ্রীয় ডেটাবেজ সংযুক্ত থাকবে।

স্মার্টফোন না থাকলেও গ্রাহকেরা ওয়েবসাইটে নিবন্ধন করে কিউআর কোড প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন।

জ্বালানি বিভাগ জানিয়েছে, কেন্দ্রীয় ড্যাশবোর্ডের মাধ্যমে সারা দেশের জ্বালানি সরবরাহ ও বিতরণ তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা যাবে। এর ফলে স্বচ্ছতা বাড়বে, অপচয় ও অনিয়ম কমবে এবং সংকটকালীন সময়ে কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে।