• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২০ এএম


বাংলাদেশি আম উপহার পেলেন নেপালের রাষ্ট্রপতি-স্পিকারসহ ৩৬০ বিশিষ্টজন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ জুন ২০২৬ ১১:৪০ পিএম

বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে বিশেষ উদ্যোগ নিয়েছে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ‘সিজন’স বেস্ট কমপ্লিমেন্টস’ কর্মসূচির আওতায় নেপালের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিদের কাছে বাংলাদেশের উৎকৃষ্ট মানের আম উপহার হিসেবে পাঠানো হয়েছে।

এই উদ্যোগের অংশ হিসেবে ১ হাজার ৭৫০ কেজিরও বেশি উন্নতমানের বাংলাদেশি আম নেপালের শীর্ষ পর্যায়ের ব্যক্তিত্ব, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক কোরের সদস্য, ব্যবসায়ী নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে বিতরণ করা হয়।

দূতাবাস সূত্রে জানা যায়, নেপালের রাষ্ট্রপতি, স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্যসহ ৩৬০ জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তির কাছে আমের প্যাকেট পৌঁছে দেওয়া হয়েছে। বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিরা সরাসরি এসব উপহার পৌঁছে দেন।

উপহার হিসেবে পাঠানো আমগুলো বাংলাদেশের আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জ জেলার দুটি বাগান থেকে সদ্য সংগ্রহ করা হয়। সর্বোচ্চ গুণগত মান ও সতেজতা বজায় রেখে সেগুলো কাঠমান্ডুতে পাঠানো হয়েছে।

দূতাবাস জানায়, পাঠানো আমের মধ্যে ছিল স্থানীয়ভাবে জনপ্রিয় এবং ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদপ্রাপ্ত ‘ক্ষীরশাপাত’ জাতের আম। দক্ষিণ এশিয়ার অন্যতম সুস্বাদু আম হিসেবে এই জাতটি ব্যাপকভাবে সমাদৃত ও প্রশংসিত।

বাংলাদেশ দূতাবাসের মতে, এই উদ্যোগ দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং জনগণের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠতার প্রতিফলন। একই সঙ্গে এই শুভেচ্ছা উপহার বাংলাদেশ ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে উষ্ণতা, সদিচ্ছা ও কূটনৈতিক সৌহার্দ্যের প্রতীক হিসেবে কাজ করবে।

/এসএন