আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠকে অনীহা প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ। মন্ত্রী পর্যায়ের নিচের কোনো কর্মকর্তার সঙ্গে বৈঠক না করার অবস্থান নিয়েছেন তিনি বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
সোমবার (১১ মে) দুই দিনের সফরে কাঠমান্ডু যাওয়ার কথা ছিল ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির। নেপালের নতুন সরকারের অগ্রাধিকার ও ভবিষ্যৎ কূটনৈতিক অবস্থান বোঝার লক্ষ্যেই তাকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারত।
তবে রোববার ভারতীয় কর্তৃপক্ষ জানায়, “অন্যান্য ব্যস্ততার কারণে” বিক্রম মিশ্রির সফর আপাতত স্থগিত করা হয়েছে। যদিও সফর বাতিলের নির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, বৈঠকের স্তর নিয়ে মতপার্থক্যের কারণেই সফরটি পিছিয়ে যেতে পারে।
এর আগে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পাল কাপুরের সঙ্গেও সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন বালেন শাহ। ফলে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক প্রটোকল ও মর্যাদা প্রশ্নে নেপালের বর্তমান সরকারের অবস্থান নিয়ে আলোচনা শুরু হয়েছে।
বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতায় নেপাল এখন আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আরও সতর্ক ও ভারসাম্যপূর্ণ কৌশল নেওয়ার ইঙ্গিত দিচ্ছে।