• ঢাকা
  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০১ পিএম


খামেনির জন্য বিশেষ চিঠি নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ জুন ২০২৬ ৯:১৬ পিএম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনির কাছে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের একটি বিশেষ চিঠি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বার্তা পৌঁছে দিতে তেহরান সফর করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। পাকিস্তান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে নেওয়া কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (৬ জুন) রাতে তেহরানে পৌঁছানোর পর ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনির সঙ্গে বৈঠকে বসেন মহসিন নাকভি। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি ডিজিটালের তথ্য অনুযায়ী, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠক শেষে মহসিন নাকভি বলেন, ফিল্ড মার্শাল আসিম মুনিরের পক্ষ থেকে আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনির জন্য একটি বিশেষ চিঠি এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বার্তা পৌঁছে দিতেই তিনি তেহরানে এসেছেন।

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে পাকিস্তানের এই কূটনৈতিক তৎপরতা বিশেষ গুরুত্ব পেয়েছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় পুরো অঞ্চলে উদ্বেগ বেড়েছে। একই সঙ্গে আগে থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি ব্যবস্থা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে পাকিস্তান গত কয়েক মাস ধরেই সক্রিয় ভূমিকা পালন করে আসছে। শনিবার অনুষ্ঠিত বৈঠকটি ছিল গত তিন দিনের মধ্যে মহসিন নাকভি ও এসকান্দার মোমেনির তৃতীয় সাক্ষাৎ।

এর আগে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে তারা আরও দুইবার বৈঠক করেছিলেন। ওই বৈঠকগুলোতেও আঞ্চলিক নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছিল।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা শুরু হওয়ার পর থেকে ইসলামাবাদ দুই দেশের মধ্যে যোগাযোগ ও বার্তা আদান-প্রদানে সহায়তা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি শান্তি প্রতিষ্ঠা ও উত্তেজনা কমানোর বিভিন্ন উদ্যোগেও পাকিস্তান সক্রিয়ভাবে অংশ নিচ্ছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

/এসএন