• ঢাকা
  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:০২ এএম


আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার প্রশ্নে পাকিস্তানের ‘না’

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেবে না পাকিস্তান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩১ মে ২০২৬ ১০:০৬ পিএম

স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার কোনো উদ্যোগ নেবে না বলে আবারও স্পষ্ট করেছে পাকিস্তান। দেশটির মতে, এটি তাদের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির অংশ এবং এ অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শুক্রবার অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকের পর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। পাকিস্তান দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ফিলিস্তিন ও গাজা ইস্যুতে ইসলামাবাদের নীতিগত অবস্থান অপরিবর্তিত রয়েছে।

ইসহাক দার জানান, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্নে পাকিস্তান দীর্ঘদিন ধরে যে অবস্থান অনুসরণ করে আসছে, সেটিই বহাল রয়েছে। তিনি বলেন, সপ্তাহের শুরুতে জাতিসংঘে অনুষ্ঠিত আলোচনাতেও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে একই অবস্থান তুলে ধরেছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। ইসহাক দারের বক্তব্যকে সেই আহ্বানের সরাসরি প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।

এ প্রসঙ্গে তিনি স্পষ্টভাবে বলেন, ‘একটি সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত না হলে ইসরাইলের ব্যাপারে পাকিস্তানের কূটনৈতিক অবস্থান বদলাবে না।’

ফিলিস্তিন ইস্যুর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতা নিয়েও আলোচনা হয়েছে। ইসহাক দার জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে পাকিস্তান যে নীরব কূটনৈতিক ভূমিকা পালন করছে, তার প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।

তিনি আরও জানান, বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী কার্যক্রম, বাণিজ্য এবং বিনিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে মধ্যস্থতাকারী হিসেবে নিজের ভূমিকা সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করতে রাজি হননি তিনি।

গোপনীয়তার বিষয়টি উল্লেখ করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাকিস্তান আশাবাদী যে তার এই ভূমিকা অঞ্চলে বৃহত্তর শান্তি প্রচেষ্টায় সহায়তা করতে পারবে।’

আব্রাহাম চুক্তি নিয়ে মতপার্থক্য থাকলেও বৈঠক শেষে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে একমত হয়েছে। ইসহাক দার জানান, পাকিস্তানের আনুষ্ঠানিক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে একটি পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে বিস্তারিত আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন।

তিনি আরও বলেন, এই অংশীদারিত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চলতি বছরের মধ্যেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফরের বিষয়েও দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।

/এসএন