• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পিএম


বিশ্বকাপের আগে নতুন লুকে নেইমার, চুলে ফিরল ২০১৮ সালের ছোঁয়া

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ জুন ২০২৬ ৮:৫৭ পিএম

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র চার দিন বাকি। ফুটবলপ্রেমীরা অপেক্ষা করছেন মাঠে তারকাদের নৈপুণ্য দেখার জন্য। তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ফুটবল তারকাদের ফ্যাশন ও ব্যক্তিগত স্টাইল নিয়েও ভক্তদের আগ্রহ থাকে ব্যাপক। আর সেই তালিকায় ব্রাজিলিয়ান তারকা নেইমার বরাবরই অন্যতম আলোচিত নাম।

২০১৪, ২০১৮ এবং ২০২২—প্রতিটি বিশ্বকাপেই ভিন্ন ভিন্ন হেয়ার স্টাইলে নজর কেড়েছিলেন নেইমার। এবারও তার ব্যতিক্রম হয়নি। ২০২৬ বিশ্বকাপের ঠিক আগে নিজের চুলের স্টাইলে নতুন পরিবর্তন এনে আবারও আলোচনায় এসেছেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।

শনিবার (৬ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের ব্যক্তিগত হেয়ার স্টাইলিস্ট একটি ভিডিও প্রকাশ করেন। সেই ভিডিওতেই প্রকাশ পায় নেইমারের নতুন লুক। সেখানে দেখা যায়, ব্রাজিলের এই ‘পোস্টার বয়’ এমন একটি হেয়ার স্টাইল বেছে নিয়েছেন, যা অনেকের কাছেই তার ২০১৮ সালের বিশ্বকাপের সময়কার চেহারার কথা মনে করিয়ে দিচ্ছে।

বিশেষ করে ২০১৮ সালে ফরাসি ক্লাব পিএসজিতে খেলার সময় নেইমার যে হালকা সোনালি বা ব্লন্ড রঙের চুলে দেখা দিয়েছিলেন, এবারের স্টাইলেও তার মিল পাওয়া গেছে। নতুন এই রূপান্তরের মাধ্যমে আবারও ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি।

নেইমারের নতুন হেয়ার স্টাইল প্রকাশের পাশাপাশি তার জন্য শুভকামনাও জানিয়েছেন ব্যক্তিগত হেয়ার স্টাইলিস্ট। ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, ‘সুন্দর চুল শুধু বাহ্যিক সৌন্দর্যের বিষয় নয়। এর পেছনে রয়েছে যত্ন, চুলের স্বাস্থ্য রক্ষা, অভ্যন্তরীণ ও বাহ্যিক চিকিৎসা, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা, পর্যবেক্ষণ এবং এমন একটি বিশেষ প্রোটোকল, যা চুলকে শক্তিশালী, সুস্থ ও বড় চ্যালেঞ্জগুলোর জন্য প্রস্তুত রাখে।’

তিনি আরও লেখেন, ‘আরেকবার বিশ্বকাপের জন্য সবকিছু প্রস্তুত। সৃষ্টিকর্তা তোমার প্রতিটি পদক্ষেপে তোমাকে রক্ষা করুন, কঠিন সময়ে শক্তি দিন এবং মাঠের ভেতরে ও বাইরে তোমার প্রতিভাকে আরও সমৃদ্ধ করুন।’

বিশ্বকাপের আগে নেইমারের এই নতুন লুক ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

/এসএন