বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া জনপ্রিয় সংলাপ ‘রাগ করলা’ এবার জায়গা করে নিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চেও। ফেসবুক থেকে টিকটক, ইউটিউব থেকে আড্ডা—সবখানেই আলোচিত এই সংলাপ এখন ব্যবহার করেছে বিশ্বকাপ–সংশ্লিষ্ট একটি জনপ্রিয় ফুটবল পেজ।সম্প্রতি ব্রাজিল তারকা নেইমার–এর একটি ছবি পোস্ট করে সেখানে লেখা হয়, ‘কি প্রতিপক্ষ রাগ করলা?’ পোস্টটির ক্যাপশনে যোগ করা হয়—‘ফুটবল রাজপুত্রের প্রত্যাবর্তন’। সঙ্গে ছিল ব্রাজিলের পতাকা ও ভালোবাসার প্রতীক। পোস্টটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়ে যায়।গত কয়েক মাস ধরেই প্রশ্ন ছিল—আসন্ন বিশ্বকাপে নেইমার খেলবেন কি না।
চোট, অস্ত্রোপচার, ফিটনেস সংকট এবং নানা গুঞ্জনের মধ্যে অনিশ্চয়তায় ছিল তার বিশ্বকাপ যাত্রা। অবশেষে সেই জল্পনার অবসান ঘটান ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।বাংলাদেশ সময় গত সোমবার দিবাগত রাতে রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরো–এ আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ব্রাজিলের ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করেন আনচেলত্তি।
সেখানে সবচেয়ে প্রতীক্ষিত নাম ছিল নেইমারের। তার নাম ঘোষণা হতেই করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড এর আগে ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে খেলেছেন। ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে করেছেন ৭৯ গোল।
এবার হতে যাচ্ছে তার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ।তবে দল ঘোষণার মাত্র দুইদিন পরই নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে তাকে ঘিরে। ব্রাজিলের স্থানীয় সময় বুধবার রাতে সান্তোস–এর চিকিৎসা বিভাগের প্রধান রদ্রিগো জোগাইব জানান, নেইমারের মাংসপেশিতে সামান্য চোট রয়েছে এবং সেখানে কিছুটা ফোলাভাব দেখা দিয়েছে। যদিও পুনর্বাসন প্রক্রিয়া ঠিকভাবেই এগোচ্ছে বলে জানিয়েছেন তিনি।আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা জয়ের মিশন শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। গ্রুপ ‘সি’-তে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।
/বিএসএস