• ঢাকা
  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পিএম


ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার, নেইমার না ভিনি?

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ মে ২০২৬ ১২:০৩ এএম

ব্রাজিল জাতীয় ফুটবল দলের ১০ নম্বর জার্সি শুধু একটি সংখ্যা নয়, বরং এটি দেশটির ফুটবল ইতিহাসে ঐতিহ্য, মর্যাদা ও দায়িত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয়। এই জার্সি গায়ে জড়িয়েই বিশ্ব ফুটবলে নিজেদের কিংবদন্তি অবস্থান তৈরি করেছেন পেলে, রিভালদো ও রোনালদিনিওর মতো তারকারা। পরবর্তীতে সেই ঐতিহ্যবাহী জার্সির উত্তরাধিকারী হন নেইমার জুনিয়র।

দীর্ঘ সময় ধরে ব্রাজিল দলের ১০ নম্বর জার্সি পরে খেলেছেন নেইমার। তবে ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পাওয়ার পর তিনি মাঠের বাইরে চলে যান। এরপর ব্রাজিল দলের হয়ে বিভিন্ন সময়ে এই জার্সি গায়ে দেখা গেছে রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়রকে।

এখন নেইমারের জাতীয় দলে ফেরাকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে—বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি আসলে কে পরবেন? এ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নেইমার জুনিয়র ও ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে।

অনেকের ধারণা, পুরোপুরি ফিট থাকলে আবারও ১০ নম্বর জার্সি ফিরে পাবেন নেইমার। কারণ, দীর্ঘদিন ধরেই এই জার্সির সঙ্গে তার পরিচিতি ও আবেগ জড়িয়ে আছে।

তবে ফুটবল বিশ্লেষকদের একাংশ মনে করছেন, নতুন প্রজন্মের প্রতীক হিসেবে এবার ভিনিসিয়ুস জুনিয়রের হাতে তুলে দেওয়া হতে পারে ব্রাজিলের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের আক্রমণভাগে তার পারফরম্যান্সও এ আলোচনাকে আরও জোরালো করেছে।

যদিও ভিনিসিয়ুস নিজেই এ বিষয়ে বিনয়ী অবস্থান নিয়েছেন। সম্প্রতি তিনি বলেছেন, “১০ নম্বরটা নেইমারের। এটা তারই প্রাপ্য।”

সব মিলিয়ে বর্তমান পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে, নেইমার শতভাগ ফিট থাকলে এবং ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি তাকে শুরুর একাদশে রাখার পরিকল্পনা করলে বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরবেন নেইমারই। সে ক্ষেত্রে ভিনিসিয়ুস জুনিয়রকে তার পরিচিত ৭ নম্বর জার্সিতেই দেখা যেতে পারে।