• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২০ পিএম


রেফারির ভুলে ম্যাচ শেষের আগেই মাঠ ছাড়লেন নেইমার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৮ মে ২০২৬ ২:৪০ পিএম

ব্রাজিলিয়ান সিরি আ’তে রোববার সান্তোসের ম্যাচে ঘটে গেল এক বিতর্কিত ঘটনা। ম্যাচ চলাকালীন ভুলবশত ব্রাজিলিয়ান তারকা নেইমারকে মাঠ থেকে তুলে নেওয়া হয়, যা নিয়ে রেফারি ও ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। শেষ পর্যন্ত কুরিতিবার কাছে ৩-০ গোলে হেরে যায় সান্তোস।

ম্যাচের ৬৫তম মিনিটে ডাগআউটের বিপরীত পাশে চিকিৎসা নিচ্ছিলেন ৩৪ বছর বয়সী নেইমার। ইনজুরির কারণে প্রায়ই মাঠের বাইরে যেতে হয় তাকে। সেই সময় চতুর্থ রেফারি বদলির বোর্ডে ১০ নম্বর জার্সিধারী নেইমারের নম্বর দেখান। তবে তখন বিষয়টি খেয়াল করেননি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

চিকিৎসা শেষে মাঠে ফেরার প্রস্তুতি নিলে দেখা যায়, খেলা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে এবং তার জায়গায় মাঠে নেমেছেন রবিনিও জুনিয়র। ১৮ বছর বয়সী এই তরুণ ফুটবলার ব্রাজিলের সাবেক তারকা রবিনিওর ছেলে।

নেইমার মাঠে প্রবেশ করতে চাইলে রেফারি তাকে বাধা দেন এবং বাইরে যেতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। পরে চতুর্থ রেফারির কাছে হাতে লেখা বদলির কাগজ দেখতে চান নেইমার।

সেই কাগজ দেখে বোঝা যায়, সান্তোস কোচ কুকা আসলে ৩১ নম্বর জার্সিধারী গনজালো এস্কোবারকে উঠিয়ে নিতে চেয়েছিলেন। কিন্তু ভুলক্রমে অন্য নম্বর লেখা হয়। ম্যাচ পুনরায় শুরু হওয়ার আগ পর্যন্ত কোচও ভুলটি ধরতে পারেননি।

ঘটনাটি ঘটে এমন এক সময়ে, যখন ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার আর মাত্র একদিন বাকি। কোচ কার্লো আনচেলত্তির কাছে নিজেকে প্রমাণ করার জন্য এটি ছিল নেইমারের শেষ সুযোগগুলোর একটি। তবে এখন পর্যন্ত ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে দলে অন্তর্ভুক্ত করেননি আনচেলত্তি।

হাঁটুর অস্ত্রোপচারের পর চলতি মৌসুমে দলে ফিরেছেন নেইমার। এবারের লিগে সান্তোসের ১৬ ম্যাচের মধ্যে মাত্র আটটিতে খেলেছেন তিনি। এসব ম্যাচে করেছেন চারটি গোল। পাশাপাশি পেয়েছেন পাঁচটি হলুদ কার্ডও।

এই পরাজয়ের ফলে ব্রাজিলিয়ান সিরি আ’তে রেলিগেশন জোনে নেমে গেছে সান্তোস।

/এসএন