• ঢাকা
  • শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪১ এএম


টেকনাফে কোটি টাকার জালনোটসহ আটক ২

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ মে ২০২৬ ১১:৩৫ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকার জালনোটসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় জালনোট তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আলাউদ্দিনের ছেলে নাজমুল (২৮) এবং শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের আবুল কালামের ছেলে আজিজুর রহমান (৩০)।

রোববার (২৪ মে) বিকেলে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) উপ-অধিনায়ক মেজর মুবাশ্বির নাকীব জানান, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জালনোট তৈরি চক্রের সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন একটি বাড়িতে জালনোট তৈরি করছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।

তিনি বলেন, পরে রোববার দুপুরে ওই আস্তানায় অভিযান চালিয়ে কোটি টাকার জালনোট ও জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ দুইজনকে আটক করা হয়। আটক নাজমুল ফেরিওয়ালার ছদ্মবেশে এই কার্যক্রম পরিচালনা করতেন বলেও জানান তিনি।

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে আট হাজার টাকা মূল্যের আসল বাংলাদেশি মুদ্রাও উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তাদের আস্তানা থেকে কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টিং মেশিন ও বিভিন্ন কাগজপত্র জব্দ করা হচ্ছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।