• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১২:৩৩ এএম


রামিসার মামলায় আদালতে না দাঁড়ানোর ঘোষণা আইনজীবীদের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ মে ২০২৬ ১১:১৬ পিএম

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ১ জুন দিন ধার্য করেছেন আদালত। তবে এ মামলার আসামিদের পক্ষে আদালতে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকা আইনজীবী সমিতি।

এমন পরিস্থিতিতে রোববার (২৪ মে) রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের (জিপি-পিপি শাখা) প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুসা কালিমূল্যাহকে নিয়োগ দেওয়া হয়েছে। বিধি অনুযায়ী তিনি এ দায়িত্ব পালনের জন্য ভাতাদি পাবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এদিকে রোববার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

চার্জশিট জমা দেওয়াকে কেন্দ্র করে রোববার দুপুরে কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে করে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে আনা হয়। পরে তাদের আদালতের গারদখানায় রাখা হয়।

মামলার ফরেনসিক প্রতিবেদনে হত্যার আগে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, ঘটনার দিন রামিসাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর তার দেহ থেকে মাথা ও হাত বিচ্ছিন্ন করা হয় বলে ফরেনসিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত কর্মকর্তার কাছে ডিএনএ রিপোর্ট হস্তান্তর করেছে। শনিবার (২৩ মে) ওই রিপোর্ট জমা দেওয়া হয় বলে সিআইডির ঊর্ধ্বতন এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

এ ছাড়া রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য আইনজীবী আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। শনিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

এর আগে গত বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন প্রধান অভিযুক্ত সোহেল রানা। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই দিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালত সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকেও কারাগারে পাঠানোর আদেশ দেন।