• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পিএম


বাজারে ভালো ও মিষ্টি আম চিনবেন যেসব উপায়ে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ মে ২০২৬ ১১:১০ পিএম

আর কিছুদিনের মধ্যেই বাজার ভরে উঠবে ফলের রাজা আমে। রসালো, সুস্বাদু ও মিষ্টি আমের অপেক্ষায় রয়েছেন অনেকেই। তবে বাজারে গিয়ে ভালো আম বাছাই করতে না পারলে সহজেই প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে। তাই আম কেনার আগে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি।

ভালো আম চেনার অন্যতম সহজ উপায় হলো এর গন্ধ। বিশেষ করে আমের বোঁটার কাছে যদি হালকা মিষ্টি সুবাস পাওয়া যায়, তাহলে সেটি ভালো আম হওয়ার সম্ভাবনা বেশি। অন্যদিকে অতিরিক্ত তীব্র বা টক ধরনের গন্ধ থাকলে সেই আম না কেনাই ভালো। সাধারণত টাটকা ও গাছপাকা আমে প্রাকৃতিক মিষ্টি ঘ্রাণ থাকে।

আম কেনার সময় এর নরম বা শক্ত অবস্থাও পরীক্ষা করা প্রয়োজন। পাকা আম সাধারণত কিছুটা নরম হয়। তবে হাতে চাপ দিলে যদি খুব বেশি দেবে যায়, তাহলে সেই আম নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আবার কয়েকদিন পরে খাওয়ার পরিকল্পনা থাকলে তুলনামূলক একটু শক্ত আম কেনা ভালো।

আমের বাইরের অবস্থা বা খোসাও গুরুত্বপূর্ণ বিষয়। দাগহীন, পরিষ্কার এবং সতেজ খোসার আম ভালো বলে ধরা হয়। কুঁচকে যাওয়া বা অতিরিক্ত শুকনো খোসার আম এড়িয়ে চলা উচিত। শুধু রঙ দেখে আম নির্বাচন না করে সেটি সতেজ কি না, সেটিও যাচাই করা জরুরি।

বাজারে অনেক সময় কৃত্রিমভাবে পাকানো আমও বিক্রি হয়। তবে গাছপাকা আম তুলনামূলক বেশি সুস্বাদু এবং নিরাপদ। তাই বিশ্বস্ত ও পরিচিত বিক্রেতার কাছ থেকে আম কেনার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, আম কেনার সময় সামান্য সচেতন থাকলেই ভালো, মিষ্টি ও রসালো ফল বেছে নেওয়া সম্ভব। গন্ধ, নরম-শক্ত অবস্থা এবং বাহ্যিক সতেজতা—এই কয়েকটি বিষয় খেয়াল রাখলে ভালো আম কেনার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

/এসএন