• ঢাকা
  • শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পিএম


কালবৈশাখীর তাণ্ডবে জয়পুরহাটে বিদ্যুৎহীন ৭৫ গ্রাম, দুর্ভোগে ৩০ হাজার গ্রাহক

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ মে ২০২৬ ১১:২২ এএম

ঝড়ো কালবৈশাখীর তাণ্ডবে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহব্যবস্থা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার বেলা সোয়া একটার দিকে হঠাৎ শুরু হওয়া প্রবল ঝড়ের পর থেকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত উপজেলার অন্তত ৭৫টি গ্রাম বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। এতে প্রায় ৩০ হাজার গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় সূত্র জানায়, ঝড়ের তীব্রতায় বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি হেলে পড়ে এবং অনেক খুঁটি ভেঙেও যায়। কোথাও কোথাও উপড়ে পড়া গাছ বিদ্যুতের তারের ওপর পড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আবার কয়েকটি স্থানে তার ছিঁড়ে যাওয়ায় পুরো ফিডার লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। ফলে সন্ধ্যার পর থেকেই অনেক গ্রাম অন্ধকারে ডুবে যায়।

দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। মুঠোফোন চার্জ দিতে না পারায় যোগাযোগব্যবস্থায়ও সমস্যা তৈরি হয়েছে। অন্যদিকে ফ্রিজ বন্ধ থাকায় খাবার নষ্ট হওয়ার আশঙ্কায় রয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ পরিবারগুলো।

ঝড়ের প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর আক্কেলপুর পৌর শহরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হলেও হাস্তাবসন্তপুর, পালপাড়া, জিয়ানীপাড়া, শ্রীকৃষ্টপুর ও শান্তা মহল্লাসহ বেশ কয়েকটি এলাকায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

আক্কেলপুর পৌর শহরের পালপাড়া মহল্লার বাসিন্দা মাহমুদুর রহমান বলেন, ‘সেকশন ভিন্ন থাকায় আমাদের বাসায় এখনো বিদ্যুৎ নেই। অথচ কয়েকটি বাসা পরই বিদ্যুৎ আছে। সামান্য ঝড় হলেই আমাদের সেকশনের লাইন বন্ধ হয়ে যায়। বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিদ্যুৎ পাইনি। ফ্রিজে থাকা খাবার নষ্ট হওয়ার পথে।’

রায়কালী ইউনিয়নের মালীগ্রামের বাসিন্দা আকরাম হোসেন বলেন, ‘ঝড়ের পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। এতে ভোগান্তিতে পড়েছি।’

গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, ঝড়ের পর থেকেই পুরো ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে আছেন।

আক্কেলপুর পল্লী বিদ্যুৎ অফিস জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হওয়ায় পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কিছুটা সময় লাগতে পারে। অফিস সূত্রে জানা গেছে, কালবৈশাখীর কারণে অন্তত ৪৫টি বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে গাছ পড়ে তার ছিঁড়ে গেছে। ক্ষতিগ্রস্ত লাইনগুলোর বিভিন্ন অংশে মেরামতকাজ চলছে এবং মাঠপর্যায়ে একাধিক দল কাজ করছে।

জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আক্কেলপুর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুর রহমান বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বলেন, কালবৈশাখীর পর আক্কেলপুর পৌরসভার আংশিক এলাকা এবং রুকিন্দীপুর ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ সচল রয়েছে। তবে বর্তমানে প্রায় ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন। দ্রুত মেরামতের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ চালু করতে কাজ অব্যাহত রয়েছে।

/এইচটি