• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম


ঈদকে ঘিরে কেনাকাটার চাপ, শপিংমল খোলার সময় বাড়ানোর দাবি এফইএবির

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ মে ২০২৬ ১২:০৪ এএম

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শপিংমলগুলো রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছে ফ্যাশন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফইএবি)।

মঙ্গলবার (৫ মে) সংগঠনটির সভাপতি আজহারুল হক আজাদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে দেশের বাণিজ্যিক কার্যক্রমে স্বাভাবিকভাবেই গতি বাড়ে। বিশেষ করে দেশীয় ফ্যাশন ও লাইফস্টাইল খাতের জন্য এই সময়টি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রয় মৌসুম। যদিও বর্তমান জ্বালানি সাশ্রয় পরিস্থিতির কারণে সরকার নির্ধারিত সময়সূচি অনুযায়ী শপিংমল পরিচালিত হচ্ছে, তবে বাস্তবতা বিবেচনায় এই সময়সূচি পুনর্বিন্যাসের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

সংগঠনটির পর্যবেক্ষণ অনুযায়ী, শপিংমলগুলোর মোট বিক্রয়ের প্রায় ৬০ শতাংশই হয়ে থাকে সন্ধ্যার পর, আর দিনের বেলায় বিক্রি হয় মাত্র ৪০ শতাংশ। তীব্র গরম এবং মানুষের কর্মব্যস্ততার কারণে দিনের বেলায় ক্রেতাদের উপস্থিতি তুলনামূলক কম থাকে। ফলে সন্ধ্যার পরই কেনাকাটার চাপ বেশি থাকে।

বর্তমান সময়সূচি অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসার গুরুত্বপূর্ণ একটি সময়সীমা ব্যবহার করা যাচ্ছে না। এতে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সম্ভাব্য বিক্রয়ের বড় একটি অংশ থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানিয়েছে সংগঠনটি।

এফইএবি মনে করছে, ঈদ সামনে রেখে শপিংমলের সময়সূচি পুনর্বিবেচনা করে বাস্তবসম্মত ও সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এ লক্ষ্যে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছে সংগঠনটি।

/এসএন