• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১২:৩৮ পিএম


সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার উৎসবমুখর আয়োজন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ মে ২০২৬ ৪:০১ পিএম

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। বুধবার (২৭ মে) ঈদ উপলক্ষে মুসলিমরা ঈদের নামাজ আদায়, পশু কুরবানি এবং হজের বিভিন্ন গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন।

ঈদের আগের দিন মঙ্গলবার হজের অন্যতম প্রধান আনুষ্ঠানিকতা ‘উকুফে আরাফা’ সম্পন্ন করেন হাজিরা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় ১৬ লাখ মুসল্লি আরাফাতের ময়দানে একত্রিত হয়ে ইবাদত, দোয়া ও তওবায় মগ্ন হন। ইহরামের শুভ্র পোশাকে হাজিদের ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো আরাফাত এলাকা।

এ সময় নামিরা মসজিদে হজের খুতবা প্রদান করেন মসজিদুল হারামের ইমাম শায়খ আলি আল হুদাইফি। খুতবায় মুসলিম উম্মাহর ঐক্য, বিশ্বশান্তি এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিদের জন্য বাংলাসহ মোট ৩৫টি ভাষায় খুতবার অনুবাদ সম্প্রচার করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় অবস্থান করেন এবং মিনায় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের জন্য কঙ্কর সংগ্রহ করেন। বুধবার মিনার বড় জামারায় পাথর নিক্ষেপের মধ্য দিয়ে ঈদুল আজহার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর হাজিরা কুরবানি এবং হজের বাকি কার্যক্রম সম্পন্ন করবেন।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও ঈদকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে। ঈদ উদযাপন ঘিরে বিভিন্ন এলাকায় ধর্মীয় অনুষ্ঠান ও পারিবারিক আয়োজন দেখা গেছে।

হাজিদের নিরাপত্তা এবং নির্বিঘ্নে হজ পালন নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানানো হয়েছে।

/এসএন