• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পিএম


উপবৃত্তি পেতে নতুন নিয়ম! এখনই জানুন জরুরি নির্দেশনা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ মে ২০২৬ ১১:১৮ এএম

৬ষ্ঠ ও একাদশ শ্রেণির উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ ও প্রেরণ বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। বিশেষ করে যেসব শিক্ষার্থীর অভিভাবকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্য যুক্ত করা যাচ্ছে না, তাদের আলাদাভাবে চিহ্নিত করে তথ্য পাঠাতে বলা হয়েছে।

রোববার (৩ মে) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের তথ্য এইচএসপি-এমআইএস সফটওয়্যারে এন্ট্রি করা হচ্ছে। তবে কিছু ক্ষেত্রে বাবা বা মায়ের মৃত্যু, উভয়ের মৃত্যু অথবা বিবাহ বিচ্ছেদের কারণে অভিভাবকের এনআইডি নম্বর যুক্ত করা সম্ভব হচ্ছে না।

এমন শিক্ষার্থীদের আলাদা করে তালিকাভুক্ত করতে বলা হয়েছে। বিশেষ করে—

  • শুধু বাবা জীবিত
  • শুধু মা জীবিত
  • উভয়েই মৃত
  • অথবা বিবাহ বিচ্ছেদের কারণে এনআইডি অনুপস্থিত

—এই চার ধরনের শিক্ষার্থীকে পৃথকভাবে চিহ্নিত করতে হবে।

উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক তথ্য নির্ধারিত ছকে পাঠাতে বলা হয়েছে। এতে শ্রেণি, প্রতিষ্ঠানের নাম, শিক্ষার্থীর সংখ্যা, অভিভাবকের এনআইডি না থাকার কারণসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট উপজেলার নাম ও শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন নম্বরও দিতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, এই তথ্য অবশ্যই আগামী ৭ মে’র মধ্যে পাঠাতে হবে এবং বিষয়টিকে ‘অতি জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

/এএসএফ