• ঢাকা
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ এএম


‘কই গেছিলি’ বলায় ছু’রি’কাঘা’ত, নেত্রকোনায় যুবক নিহ’ত

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ মে ২০২৬ ৯:৪৬ পিএম

নেত্রকোনার দুর্গাপুরে তুচ্ছ কথাকাটাকাটির জেরে ওয়াহিদুল ইসলাম কেলিস নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২ মে) দিবাগত রাতে পৌর শহরের তেরীবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কেলিস ওই এলাকার মৃত আব্দুল মৃধার ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাত আনুমানিক ১১টার দিকে তেরীবাজার এলাকায় নূর মোহাম্মদের সঙ্গে কেলিসের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নূর মোহাম্মদ ক্ষিপ্ত হয়ে কেলিসের পেটে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে রাতেই ময়মনসিংহে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে নূর মোহাম্মদের মা নূরনাহার এবং তার ভগ্নিপতি মাজেদুলকে দুর্গাপুরের বাসা থেকে আটক করে। পরে ভোররাতে নেত্রকোনা শহরের মালনী এলাকা থেকে মূল অভিযুক্ত নূর মোহাম্মদকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থলে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

অভিযুক্ত নূর মোহাম্মদ তেরীবাজার এলাকার মুজিবুর রহমানের ছেলে।

নিহতের স্ত্রী মাহমুদা আক্তার জানান, তার স্বামী বাসার সামনে প্রস্রাব করতে বের হয়েছিলেন। এ সময় বাজার থেকে ফেরার পথে নূর মোহাম্মদের সঙ্গে দেখা হলে তিনি তার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করেন, ‘কিরে কই গেছিলি।’ এই বিষয়টিকে কেন্দ্র করে নূর মোহাম্মদ ক্ষিপ্ত হয়ে কোমর থেকে ছুরি বের করে তার স্বামীর পেটে আঘাত করেন।

তিনি বলেন, ‘আমার স্বামী চিৎকার করলে আমরা ও আশপাশের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যাই। পরে ময়মনসিংহে নেওয়ার পথে সে মারা যায়। আমার দুই সন্তান এখন এতিম হয়ে গেছে। আমি এই হত্যার বিচার চাই।’

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, নিহতের স্ত্রী মাহমুদা আক্তার বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে মূল অভিযুক্ত নূর মোহাম্মদসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

/এসএন