নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন জোরদারে প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারগুলোকে সহায়তা দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, ‘নারী প্রধান’ পরিবারগুলোর মধ্যে ইতোমধ্যে ৩৭ হাজার ৮১৪ জনকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য মো. রবিউল আওয়ালের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রী বলেন, সরকার একটি নিরাপদ, বৈষম্যহীন ও জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে। এই লক্ষ্য অর্জনে নারী ও শিশুকে টেকসই উন্নয়নের সমঅংশীদার হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, নারী ও শিশুদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়র অধীনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
সরকারের এই উদ্যোগকে নারী ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।