• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৪:০২ পিএম


নারীদের জন্য এলপিজি কার্ড সেবা চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ এপ্রিল ২০২৬ ৩:৩৯ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, রান্নার কষ্ট লাঘবে নারীদের জন্য এলপিজি কার্ড সেবা চালু করা হবে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শা উপজেলার উলাশী-যদুনাথপুর খাল পুনর্খনন কাজের উদ্বোধনকালে এক বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, নারীদের দৈনন্দিন জীবনকে সহজ করতে সরকার এই উদ্যোগ নিতে যাচ্ছে। ‘রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড সেবা দেওয়া হবে। বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা,’—বলেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে তিনি আরও জানান, শার্শার উলাশী খালে পানি প্রবাহ স্বাভাবিক হলে প্রায় ৭২ হাজার মানুষ সরাসরি উপকৃত হবে। খাল পুনর্খননের ফলে কৃষি, সেচ ও স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ১০টা ১৫ মিনিটে তিনি যশোর বিমানবন্দরে পৌঁছান।

সফরসূচি অনুযায়ী, শার্শায় খাল খনন প্রকল্প উদ্বোধনের পর আয়োজিত পথসভা বা সুধী সমাবেশে অংশ নেন তিনি। এরপর যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতি শেষে বিকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতে রাজধানীতে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম যশোর সফর। গত তিন মাসের মধ্যে এটি তার দ্বিতীয় সফর বলেও জানা গেছে।