ছবি: সংগৃহীত
চলতি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁসের সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
রোববার (২৬ এপ্রিল) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে এসএসসি ২০২৬ সালের বাংলা প্রথম পত্র (১০১) পরীক্ষার সব বোর্ডের প্রশ্নফাঁস হয়েছে—এমন একটি খবর ছড়িয়েছে, যা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
এতে আরও বলা হয়, ইতোমধ্যে মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলা প্রথম পত্র এবং বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে পরীক্ষা শেষ হওয়ার পরদিন প্রশ্নফাঁস সংক্রান্ত এ ধরনের সংবাদ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
মন্ত্রণালয় জানায়, প্রশ্নপত্র ফাঁসের এই খবরটি একটি গুজব, যা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে। এ ঘটনায় মন্ত্রণালয় বা এর অধীন কোনো কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতা নেই।
সাধারণ মানুষকে এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার এবং কোনো ধরনের আর্থিক লেনদেনে না জড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, প্রশ্নফাঁস সংক্রান্ত কোনো অপপ্রচার নজরে এলে শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।