ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে এবং এ লক্ষ্যে একটি সফটওয়্যারও তৈরি হচ্ছে। এটি চালু হলে এনটিআরসিএর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা নিজ জেলায় বদলির সুযোগ পাবেন।
শনিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা-২০২৬’ সংক্রান্ত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নতুন ব্যবস্থায় প্রধান শিক্ষক বা হেডমাস্টারদেরও বদলি করা সম্ভব হবে। বর্তমানে সফটওয়্যারটি প্রক্রিয়াধীন রয়েছে এবং এ বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে।
তিনি আরও জানান, নীতিমালার সম্ভাব্যতা যাচাই-বাছাই শেষে ধাপে ধাপে এটি বাস্তবায়নের দিকে এগোনো হবে।
সভায় প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।