শিক্ষামন্ত্রীর সরাসরি নির্দেশনার পর পাবলিক পরীক্ষায় বহুল আলোচিত ‘সাইলেন্ট এক্সপেল’ বা নীরব বহিষ্কার প্রথা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
শনিবার (১৮ এপ্রিল) রাতে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএসসি পরীক্ষা পরিচালনা নীতিমালা-২০২৬–এর ২৯ নম্বর অনুচ্ছেদ, যেখানে ‘সাইলেন্ট এক্সপেল’–এর বিধান ছিল, তা অবিলম্বে বাতিল হিসেবে গণ্য হবে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
এর আগে একই দিন দুপুরে এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষার সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে আয়োজিত এক ভার্চুয়াল সভায় শিক্ষামন্ত্রী ‘নীরব বহিষ্কার’ প্রথা বাতিলের নির্দেশ দেন। তিনি বলেন, এই নিয়মটি ১৯৬১ সালের একটি পুরনো নীতিমালা থেকে চলে আসছে, যা বর্তমান প্রেক্ষাপটে অপ্রাসঙ্গিক। এমনকি ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনেও এ ধরনের কোনো বিধানের উল্লেখ নেই।
মন্ত্রী আরও জানান, পরীক্ষার পরিবেশকে স্বচ্ছ ও ইতিবাচক রাখতে হবে, যেখানে শিক্ষার্থীরা মানসিক চাপমুক্ত থেকে পরীক্ষা দিতে পারবে। অযৌক্তিক ও মানসিকভাবে নেতিবাচক প্রভাব ফেলে—এমন কোনো নিয়ম বহাল রাখা হবে না বলেও তিনি স্পষ্ট করেন।
উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষা পরিচালনা নীতিমালা-২০২৬–এ শৃঙ্খলা বজায় রাখতে ‘সাইলেন্ট এক্সপেল’ ব্যবস্থা রাখার কথা বলা হয়েছিল। তবে নতুন সিদ্ধান্তের ফলে সেই বিধান এখন সম্পূর্ণভাবে বাতিল হলো।