• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০৩ এএম


৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশজুড়ে নানা আয়োজন, থাকছে সাধারণ ছুটি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ নভেম্বর ২০২৬ ১১:৩৪ পিএম

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশজুড়ে নানা আয়োজন, থাকছে সাধারণ ছুটি

আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ রাষ্ট্রীয়ভাবে উদযাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। দিবসটি উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা, সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, বিশেষ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়েছে। এ ছাড়া হাসপাতাল, কারাগারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন এবং শিশুদের জন্য দেশের সব শিশুপার্ক বিনামূল্যে উন্মুক্ত রাখা হবে।

জেলা ও উপজেলা পর্যায়েও নেওয়া হয়েছে নানা কর্মসূচি। পাশাপাশি সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদর দপ্তরে বিশেষ দরবার ও প্রীতিভোজের আয়োজন করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানিয়েছেন, গত ২৮ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় এসব কর্মসূচি সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

সরকারি কর্মসূচি অনুযায়ী, দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে পৃথক বাণী দেবেন। এদিন দেশব্যাপী সাধারণ ছুটি পালিত হবে। দেশের সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

এ ছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর যৌথ উদ্যোগে দেশের প্রধান সড়ক ও সড়কদ্বীপগুলো জাতীয় পতাকা দিয়ে সাজানো হবে।

দিবসটি উপলক্ষে দেশের সব মসজিদে সুবিধাজনক সময়ে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। একইভাবে মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

হাসপাতাল ও কারাগারে উন্নত খাবার, শিশুপার্কে বিনামূল্যে প্রবেশ

সরকারের কর্মসূচির অংশ হিসেবে দেশের সব হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশুকেন্দ্র, শিশু পরিবার, শিশুসদন, কিশোর সংশোধনী কেন্দ্র, শান্তি নিবাস এবং ভবঘুরে প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

শিশুদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। সিটি করপোরেশন ও পৌরসভার ব্যবস্থাপনায় পরিচালিত দেশের সব শিশুপার্ক দিনব্যাপী বিনা টিকিটে শিশুদের জন্য উন্মুক্ত থাকবে।

নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় জেলা ও উপজেলা পর্যায়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

গণমাধ্যমে বিশেষ অনুষ্ঠান, দেশজুড়ে সাংস্কৃতিক আয়োজন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে বিশেষ নিবন্ধ, সাহিত্য সাময়িকী ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বেতারে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করা হবে। পাশাপাশি সিনেমা হল ও ভ্যানের মাধ্যমে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা থাকবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে দেশাত্মবোধক গানের আসর অনুষ্ঠিত হবে। দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হবে। একই সঙ্গে জেলা সদর ও উপজেলা পর্যায়ে প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।

এ ছাড়া শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে বিশেষ স্মারক আলোচনা সভার আয়োজন করা হবে।

সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীতে বিশেষ দরবার

দিবসটি উপলক্ষে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল, প্রীতিভোজ ও বিশেষ দরবারের আয়োজন করা হবে। বাংলাদেশ ক্যাডেট কোরের তত্ত্বাবধানে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বর্ণাঢ্য ডিসপ্লে প্রদর্শনের কর্মসূচিও রাখা হয়েছে।

পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও ভিডিপি, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, বাংলাদেশ কোস্ট গার্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কারা অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরে বিশেষ কর্মসূচি পালিত হবে।

এ ছাড়া ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদর দপ্তরেও মিলাদ মাহফিল, প্রীতিভোজ এবং বিশেষ দরবারের আয়োজন করা হবে।

দিবসটি যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

/এএসএফ