মাত্র ১১ মাসে কোরআনের হাফেজ ৮ বছরের মুগ্ধ
চট্টগ্রামের মিরসরাইয়ে মাত্র ১১ মাসে পবিত্র কোরআন মাজিদ হিফজ সম্পন্ন করেছে ৮ বছর ৩ মাস বয়সী শিশু রামিন নাওয়াফ মুগ্ধ। মিরসরাই পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোভনীয়া এলাকায় অবস্থিত দারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার হিফজুল কোরআন বিভাগের শিক্ষার্থী সে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) মুগ্ধ পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে।মুগ্ধ ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার উত্তর কুহমা গ্রামের বাসিন্দা মাসুদুল ইসলাম মজুমদার ও রাবেয়া আক্তার দম্পতির একমাত্র ছেলে। তার মা মিরসরাই কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক। মায়ের চাকরির কারণে দীর্ঘদিন ধরে মিরসরাই সদরে বসবাস করছে মুগ্ধের পরিবার।মাদ্রাসা সূত্রে জানা যায়, গত বছরের নভেম্বরে দারুল কোরআন মাদ্রাসার হিফজ বিভাগে ভর্তি হয় মুগ্ধ। এরপর নিজের অধ্যবসায়, শিক্ষকদের সহযোগিতা এবং বাবা-মায়ের সঠিক দিকনির্দেশনায় মাত্র ১১ মাসের মধ্যেই পুরো কোরআন হিফজ করতে সক্ষম হয় সে।হিফজের সময় প্রতিদিন মুগ্ধ কখনো ৪ থেকে ৫ পৃষ্ঠা, আবার কখনো ৫ থেকে ৭ পৃষ্ঠা পর্যন্ত সবক শোনাত। মাত্র ৮ বছর বয়সে তার এমন অসাধারণ প্রতিভা ও অধ্যবসয়ে মাদ্রাসার শিক্ষকসহ সংশ্লিষ্টরাও বিস্মিত।মুগ্ধের বাবা মাসুদুল ইসলাম মজুমদার বলেন, ছোটবেলা থেকেই তার ছেলে স্বপ্ন দেখে একদিন কাবা শরীফের ইমাম হবে। তারা তাকে বলতেন, আল্লাহ কবুল করলে ইনশাআল্লাহ একদিন অবশ্যই সেই স্বপ্ন পূরণ হবে। এত কম বয়সে ছেলে হাফেজ হওয়ায় তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। মুগ্ধের স্বপ্ন পূরণে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান তিনি।মাদ্রাসার মুহতামিম আবু নাছের মোহাম্মদ ইউসুফ বলেন, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং বাবা-মায়ের সহযোগিতায় মুগ্ধ মাত্র ১১ মাসে হিফজ সম্পন্ন করেছে। এত কম বয়সে হিফজ শেষ করার ঘটনা বেশ বিরল। তিনি মুগ্ধের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
/বিএসএস