দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে প্রিন্স আলবার্ট ও লিউ-গামকার মধ্যবর্তী এন-১ মহাসড়কে দুটি মিনিবাস ট্যাক্সি ও একটি স্টেশন ওয়াগনের মধ্যে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর রাত সাড়ে ১১টার দিকে উদ্ধার তৎপরতা শুরু হয়। প্রাথমিকভাবে এ ঘটনায় ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়ায়।
দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলেও জানা গেছে।
দুর্ঘটনার পর এন-১ মহাসড়কের ওই অংশে উভয় দিকের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারসহ প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করেন।
তবে কী কারণে দুটি মিনিবাস ট্যাক্সি ও একটি স্টেশন ওয়াগনের মধ্যে এই সংঘর্ষ ঘটেছে, সে বিষয়ে এখনো সঠিক কোনো কারণ জানা যায়নি। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
/এসএন