ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা দক্ষিণ লোহিত সাগরের আরও কয়েকটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপ দখল করেছে। ইয়েমেনের সরকারি কর্মকর্তা ও হুতি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এর ফলে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব নৌপথের ওপর হুতিদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হলো।সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গ্রেটার হানিশ ও লেসার হানিশ দ্বীপ হুতিদের দখলে গেছে। এমন সময়ে এই দখলের ঘটনা ঘটল, যখন সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনী ইয়েমেনের পশ্চিম উপকূলজুড়ে হুতিদের দ্রুত অগ্রযাত্রার পর নিজেদের সংগঠিত করে পাল্টা লড়াইয়ের চেষ্টা করছে।
এদিকে লোহিত সাগরে উত্তেজনা আরও বাড়লে এর প্রভাব বিশ্ববাজারেও পড়তে পারে। বিশেষ করে সৌদি আরবের তেল অবকাঠামো ও জাহাজে হুতিদের হামলার কারণে বৈশ্বিক তেল সরবরাহ ও দামের ওপর নতুন করে চাপ তৈরির আশঙ্কা রয়েছে। একই সঙ্গে এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরান কৌশলগত সুবিধা পাওয়ার সুযোগও পেতে পারে।অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) ইয়েমেন সরকারের দুজন কর্মকর্তা এবং একজন হুতি কর্মকর্তা জানিয়েছেন, সরকারি বাহিনীর সঙ্গে মিত্র কয়েকশ সেনা দ্বীপপুঞ্জটি থেকে সরে যাওয়ার পর হুতি বিদ্রোহীরা হানিশ দ্বীপপুঞ্জে যোদ্ধা মোতায়েন করেছে। পরিচয় প্রকাশ না করার শর্তে তারা এ তথ্য জানান।হানিশ দ্বীপপুঞ্জটি বাব আল-মান্দেব প্রণালি থেকে প্রায় ১৬০ কিলোমিটার (১০০ মাইল) উত্তরে অবস্থিত।
/বিএসএস