• ঢাকা
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ এএম


সৌদির সামরিক ঘাঁটিতে ফের বড় হামলার দাবি হুতিদের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৫ পিএম

ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা দাবি করেছে, গত সপ্তাহে দেশটির দ্রুত অভিযান চালিয়ে লোহিত সাগরের প্রবেশমুখে একটি দ্বীপ দখলের পর এবার সৌদি আরবের একটি সামরিক ঘাঁটিতে বড় ধরনের হামলা চালিয়েছে তারা।

হুতিদের দাবি, সোমবার (১৪ সেপ্টেম্বর) সৌদি আরবের সীমান্তবর্তী শহর খামিস মুশাইতের একটি সামরিক বিমানঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে।

হামলায় সৌদি বাহিনীর বিমান রাখার হ্যাঙ্গার, রাডার ব্যবস্থা, রানওয়ে এবং গোলাবারুদের গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছে হুতিরা। সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনে সৌদি আরবের চালানো শত শত বিমান হামলার জবাবেই এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

এর আগে গত সপ্তাহে ইয়েমেনে হুতিদের আকস্মিক অগ্রযাত্রা নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে দেয়। গত শুক্রবার লোহিত সাগরের প্রবেশমুখে অবস্থিত একটি দ্বীপ দখলের মধ্য দিয়ে তাদের ওই অভিযান আরও গুরুত্বপূর্ণ মাত্রা পায়।

এদিকে হুতিদের হামলার পর সৌদি কর্তৃপক্ষ খামিস মুশাইতসহ দেশটির দক্ষিণাঞ্চলের চারটি শহরে স্বল্প সময়ের জন্য জরুরি সতর্কতা জারি করে। এসব শহরের কয়েকটিতে এর আগেও হুতিরা হামলা চালিয়েছে।

হুতিদের নতুন হামলা এবং ইয়েমেনে সৌদি বিমান অভিযানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

/এএসএফ