সৌদি আরবের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক সভাপতি শায়খ প্রফেসর ড. আব্দুর রহমান আল-সুদাইস। একই সঙ্গে মক্কার পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়েছেন তিনি।
শায়খ আল-সুদাইস বলেন, ইসলাম সব ধরনের আগ্রাসন ও সহিংসতাকে প্রত্যাখ্যান করে। মানুষের জীবন, মর্যাদা ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতি ইসলামে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাই বর্তমান পরিস্থিতিতে মানবজীবন ও পবিত্র স্থানগুলোর সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
তিনি সৌদি আরবের জনগণকে বর্তমান পরিস্থিতিতে ঐক্যবদ্ধ ও শান্ত থাকার পরামর্শ দেন। একই সঙ্গে যেকোনো ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
শায়খ আল-সুদাইস বলেন, সঠিক ও নির্ভরযোগ্য তথ্য জানতে জনগণের কেবল সরকারি ও বিশ্বস্ত সূত্রের ওপর নির্ভর করা উচিত। যাচাই না করে কোনো তথ্য প্রচার করা কিংবা গুজবে কান না দেওয়ার জন্যও তিনি সবাইকে সতর্ক করেন।
বক্তব্যের শেষ পর্যায়ে সৌদি আরব, পবিত্র স্থানসমূহ এবং সমগ্র মুসলিম বিশ্বের মানুষের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতার জন্য মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া করেন শায়খ আল-সুদাইস।
/এএসএফ