• ঢাকা
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ এএম


জিন্নাহর ছবি ছেঁ’ড়ার পর ডাকসু সংগ্রহশালায় এবার সাঁ’টানো হলো গোলাম আযমের ছবি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৭:৩৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর দুটি ছবি ছিঁড়ে ফেলার ঘটনার পর এবার সেখানে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি দণ্ড কার্যকর হওয়া জামায়াতের সাবেক আমির গোলাম আযমের একটি বিতর্কিত ছবি সাঁটানো হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ডাকসুর সংগ্রহশালায় ছবিটি টাঙানো হয়। ছবিটির নিচে একটি ক্যাপশনও দেওয়া হয়েছে।

ক্যাপশনে লেখা রয়েছে, ‘১৯৮১ সালের ১ জানুয়ারি বায়তুল মোকাররমে ফিলিস্তিনের যুদ্ধে শহীদ দুই বাংলাদেশির জানাজার নামাজ পড়তে এলে উপস্থিত মুসল্লিরা তাকে জুতাপেটা করেন’।

গোলাম আযমের ওই ছবি সাঁটিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থী অর্ক বড়ুয়া। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক।

ছবিটি সাঁটানোর বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অর্ক বড়ুয়া। তিনি বলেন, ‘বেসিক্যালি এখানে ডাকসু সংগ্রহশালা.. ইটস মিন্ট টু বি বাংলাদেশের জনগণের লড়াইয়ের বা বাংলাদেশের জনগণের ঐতিহাসিক ইতিহাসের আর্কাইভ।’

তিনি আরও বলেন, ‘সেই ঐতিহাসিক ইতিহাসের আর্কাইভের জায়গায় এই ছবিটি কেন রেখেছি? কারণ আমরা পরিষ্কার দেখছি যে আমাদের ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, তিনি যখন এখানে জিন্নাহর ছবি লাগান, তখন তিনি বলেছেন যে তার ইচ্ছা হয়েছে বলে তিনি লাগাইছেন। তো আমার ইচ্ছা হয়েছে, তাই আমি গোলাম আযমের ছবি লাগাইছি।’

এর আগে ডাকসুর ঐতিহাসিক সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর দুটি ছবি রাখা হয়েছিল। পরে সেগুলো ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে। এর পরপরই একই সংগ্রহশালায় গোলাম আযমের বিতর্কিত ছবি সাঁটানোর ঘটনা ঘটল।

/এসএন